রুহুল আমিন কিবরিয়া, বগুড়া
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৯:৪৩
জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য প্রশ্নবিদ্ধ, স্থিতিশীলতা ফেরানোর তাগিদ টুকুর
জুলাই গণ-অভ্যুত্থানের পর কিছু ছাত্রনেতার সরকারে যোগ দেওয়া ও নতুন রাজনৈতিক দল গঠনের সমালোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর মন্তব্য, এসব রাজনৈতিক কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলেছে। একই সঙ্গে জুলাই যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে ‘জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।
টুকু বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের শাসনের পর ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। এই গণতন্ত্র ধরে রাখতে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ কাজে ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। এ সময় দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে না পারলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে।
তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে দেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সরে এসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।