গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৭:৫৯
গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জে বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সংখ্যার চেয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত রাখার অপরাধে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের চর সোনাকুর এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন মোসার্স নিপুন প্রযুক্তির গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীর নাম শেখ যোবায়ের শেখ। তিনি মোসার্স নিপুন প্রযুক্তির গ্যাস সিলিন্ডার ডিলার এবং মো. আবু দাউদের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শেখ যোবায়ের শেখের গোডাউনের বিপরীতে থাকা বিস্ফোরক লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের বিচারক মোহাম্মদ আজম এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্টের বিচারক মোহাম্মদ আজম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।