ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ রাত ০৭:১৬:১১
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক পাচার ও কারবার নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।