কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৭:২৩
কালিয়াকৈর শফিপুরে সাফিকুল ওরফে বুলবুল হত্যা মামলার আসামি গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় সংঘটিত সাফিকুল ইসলাম ওরফে বুলবুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— আফজাল হোসেন মাসুদ (পিতা: মোজাম্মেল হক, গ্রাম: রাখালিয়াচালা) এবং রিপন (পিতা: আব্দুল জলিল, গ্রাম: রাখালিয়াচালা)।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে শফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সাফিকুল ইসলাম ওরফে বুলবুলকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
তদন্তে জানা যায়, ওই রাতে সাফিকুল ইসলাম বুলবুল তার স্ত্রী ফরিদাকে আনতে শফিপুর ফ্লাইওভারের নিচে অপেক্ষা করছিলেন। এ সময় গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্যরা অটোরিকশাযোগে এসে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে টানাহেঁচড়া করা হয় এবং এক পর্যায়ে তার বাম উরুতে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় সাফিকুল ইসলাম বুলবুল সেখান থেকে দৌড়ে আনসার একাডেমির দিকে যাওয়ার সময় রাস্তার পাশের খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরদিন ১৬ এপ্রিল সকালে স্থানীয় লোকজন ও তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএমের নির্দেশনায় পুলিশের একটি দল গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতার করে এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।