রুহুল আমিন কিবরিয়া বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ রাত ১১:৩৫:৫৭
বগুড়ায় বাসে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩৬) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহকারী একটি চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ইউ-এ-৪ নম্বর আসনে থাকা বিপ্লব ইসলামকে আটক করা হয়। পরে তাঁর আসনের পাশে থাকা এসি নক কভারে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে রাখা ১০ হাজার ৬০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক কারবারে ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার বিপ্লব ইসলামের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক আরও জানান, বিপ্লবের বিরুদ্ধে আগে মাদকসংক্রান্ত মামলা না থাকলেও মাদক কারবারে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি মূলত মাদক সরবরাহকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে চক্রটি বগুড়া রুট ব্যবহার করে মাদক সরবরাহ করে আসছিল বলে তথ্য রয়েছে অধিদপ্তরের কাছে।
তিনি জানান, চক্রটির সদস্যদের শনাক্ত করতে বগুড়া জেলা কার্যালয় আগে থেকেই অনুসরণ করছিল। গ্রেপ্তার বিপ্লবের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের চালানটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হস্তান্তরের কথা ছিল।
গ্রেপ্তার বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বারইল এলাকার নুরুজ্জামানের ছেলে। মাদক সরবরাহকারী চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।