মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে:
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৪:২৮
টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি, সম্পাদক রিপন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন (বিএসএ)’র মতবিনিময় সভা ও জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন, মুন্সীগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রনি শেখকে সভাপতি এবং রিপন সীড কোম্পানির স্বত্বাধিকারী মো. রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, বিএসএ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি ফজলুল হক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সায়েম সামিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টঙ্গীবাড়ী বাজার কমিটির সভাপতি আবুল হোসেন শেখের সভাপতিত্বে এবং বিএসএ’র সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক উপকমিটির সদস্য ইমরান হোসেন, হেদায়েতুল ইসলাম, আব্দুল জলিল, পান্নু মোল্লা, ইডি আব্দুল মন্নান, পরিচালক আহমদ আলি, আলু বীজ ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন শেখ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন শেখ, বাজার কমিটির সাধারণ সম্পাদক ফারুক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী, ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত বীজের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বীজ ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বীজের গুণগত মান বজায় রাখা, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জেলার বীজ খাতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।