ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩২:১৬
মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, নেতাকর্মীদের ঢল
বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে আয়োজিত এসব কর্মসূচিতে মোংলা পৌর বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সকাল ১১টায় পৌর শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিলসহ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক সংঘ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে যুবদলের খণ্ড খণ্ড মিছিল এসে সেখানে সমবেত হয়।
পরে শ্রমিক সংঘ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে অবস্থান নিয়ে সংগঠনের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মোংলা পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, সাবেক জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, যুবদল নেতা মহশিন পাটোয়ারী, মহশিন ভূঁইয়া, রতন মাহমুদ, বি এম ওয়াসিম আরমান, বাপ্পারাজ ও রেজাউল করিম শুভসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।