রাজিব মাহমুদ সাভার উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ সকাল ০৭:২৮:৩৯
দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বা আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ থাকবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীরা চারদিকে ভ্যানগার্ডের মতো দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌরসভার আওতাধীন বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্গাপূজা উপলক্ষে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যাতে সত্যি না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন। পূজা উদযাপন নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না থাকে, সে বিষয়ে নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, ঐতিহ্যবাহী সাভার-আশুলিয়ায় দুর্গাপূজা ঘিরে কখনো কোনো বিশৃঙ্খলা হয়নি। এবারও কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।
শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়নসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাভার পৌরসভার ৪৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।