নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৬:২৩
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল ২০২৬) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার খাদলা বিওপি, কুমিল্লার শশীদল বিওপি এবং বড়জ্বালা বিওপির টহলদল অংশ নেয়। পৃথক অভিযানে একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন প্রকার ঔষধ। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই লক্ষ্য বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।