মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫১:৩৪
গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে লিজ নেওয়া জমিতে রাতের আঁধারে কলাগাছ ও বিভিন্ন ধরনের সবজি কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে দুই লিজগ্রহীতার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় হাদিছুর রহমান বাদী হয়ে দুই ব্যক্তির নাম উল্লেখ করে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী হাদিছুর রহমান জানান, প্রায় এক বছর আগে নিয়ম অনুযায়ী গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর রেলব্রিজের উত্তর-পশ্চিম পাশে রেললাইনের অবশিষ্ট জমি লিজ নেন তিনি। লিজ নেওয়ার পর সেখানে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। পাশাপাশি পুকুরপাড়ের খালি জায়গায় বিভিন্ন জাতের শাক-সবজি ও কলাগাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো একসময় রবিউল মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (৩৫) ও আতফাক মাতুব্বরের ছেলে রবিউল মাতুব্বর পূর্বশত্রুতার জেরে লিজকৃত জমিতে অনধিকার প্রবেশ করেন। পরে তারা পুকুরপাড়ের ফলন্ত কলাগাছ ও সবজি ক্ষেত কেটে নষ্ট করে দেন বলে অভিযোগ করেন হাদিছুর রহমান।
পরদিন সকালে খামারে গিয়ে ফসলের ক্ষয়ক্ষতি দেখতে পান তিনি। এতে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
অপর ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতা চীনপ্রবাসী কৃষিবিদ মো. ইউনুস মোল্লা বলেন, তিনি নিয়ম মেনে সরকারি জমি লিজ নিয়ে কলাগাছ, কচু, বিভিন্ন ধরনের শাক-সবজি, চায়না মিষ্টি আলুসহ বিভিন্ন ফসল চাষ করছিলেন। রাতের আঁধারে তার ফলন্ত গাছ ও সবজি কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, “তারা শুধু আমার আর্থিক ক্ষতি করেনি, এক বছরের পরিশ্রমও নষ্ট করে দিয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা ফসল নষ্ট করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী নবীন বলেন, “আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”