কসবা আখাউরা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ রাত ০৬:১২:২১
কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে উপজেলার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস সংলগ্ন মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে প্রেস রিলিজ করে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের শাকিল মিয়া (৩৬) এবং কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বড়ঠুটা গ্রামের বাবু (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাগর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দুইজনের দখল ও হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাসেদ জানান এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।