কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৯:৩৬
কসবায় মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারির কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন ও গাঁজা বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
আটকরা হলেন, ছবির মিয়া (৩০), পিতা ফিরোজ মিয়া এবং কল্পনা বেগম (৪৫), স্বামী আলমগীর মিয়া।
পরে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং কসবা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।