শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:০৭
আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাম-পরিচয় না জানা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় রাস্তার পূর্বপাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।