হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৫:০৭
জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত
টানা বৃষ্টিপাতে হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনা হাওরের কৃষকরা। এ পরিস্থিতিতে ফসল রক্ষায় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতে নেমেছেন।
রবিবার (১৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পানিতে পাগনা হাওরের একটি অংশ ইতোমধ্যে তলিয়ে গেছে। এতে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ধানসহ অন্যান্য ফসল হুমকির মুখে পড়েছে।
ফসল রক্ষায় ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা একযোগে কাজ করছেন। তারা মাটি কেটে বস্তায় ভরে দীর্ঘ বাঁধ নির্মাণের মাধ্যমে পানির প্রবেশ ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, নদী-খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই হাওরে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, ইউপি সদস্য হাজী নবী হোসেন, গ্রামের প্রবীণ মুরব্বী জিয়া উদ্দিন, ইউপি সদস্য শাফায়েত উল্লাহ দয়াল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, সমাজকর্মী জাকির হোসেন, শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, সরকারি সহায়তার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণ ও খাল-নদী পুনঃখননের উদ্যোগ না নিলে প্রতিবছরই এমন দুর্ভোগ পোহাতে হবে কৃষকদের।