রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫১:০৪
গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলনের ইঙ্গিত শিশির মনিরের
গণভোটের ফল বাস্তবায়ন না হলে আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, জনগণের রায় উপেক্ষা করা হলে তা মানা হবে না এবং প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হবে।
রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জনরায় উপেক্ষা নয়—গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, “মাঝে মাঝে কোদাল কাঁধে নিলে হবে না। দেখতে যতই ভালো মনে হোক, রাজনৈতিক প্রশ্নের সমাধান যদি না করতে পারেন, শুধু কোদাল কাঁধে নিয়ে বাংলাদেশের মানুষ খুশি হবে না।”
তিনি আরও বলেন, “সরকার ভোট পেয়েছে ৫১ শতাংশ, আর গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে। এখন আপনারা বলছেন গণভোট মানেন না। তার মানে আপনারা জনগণের রায় মানেন না।”
সরকারের ভালো কাজের প্রশংসা করার কথাও উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বিধান—সরকার ভালো কাজ করলে আমরা অভিনন্দন জানাবো। আপনারা খাল খনন করেছেন, আমরা অভিনন্দন জানিয়েছি। ভালো কাজ করলে সম্মান করব, ভালো কাজ না করলে সম্মান জানাবো না।”
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত ও অধিকারকে সম্মান জানানো সরকারের মৌলিক দায়িত্ব। “গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয় এবং তা বাস্তবায়নে সরকারের আন্তরিকতা অপরিহার্য। জনগণের রায় দ্রুত মেনে না নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা কার্যকর করার দাবি আদায় করবো,” যোগ করেন তিনি।