জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২১:১৭
কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের ৫ যাত্রীর
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ ইজিবাইকের ৫ যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।
নিহতের মধ্যে উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। অপর দুজনের মধ্যে একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) ও অটোচালক জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার (অজ্ঞাত) চালক। এছাড়াও গুরুতর আহত বাদলের মেয়ে বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান।
পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।