মো. সুমন মিয়া, বন্দর প্রতিনিধি:
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৯:৩০
বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি
নারায়ণগঞ্জের বন্দরে অগ্নিকাণ্ডে একটি মুদী দোকান ও একটি গোডাউন পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে বন্দর থানার মদনগঞ্জ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক রাসেল জানান, খবর পেয়ে দ্রুত এসে দেখেন তার দোকানের ভেতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসে খবর দেন। এতে তার মুদী দোকান ও গোডাউন পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।