নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১২:৪৮
ধর্মঘট স্থগিতের পরও পেট্রোল পাম্প বন্ধ সিলেটে
ধর্মঘট স্থগিতের ঘোষণার পরও সিলেটে পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে।
২ এপ্রিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর কোথাও তেল বা গ্যাস বিক্রি হতে দেখা যায়নি, এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।
সরেজমিনে সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, সবগুলোতেই জ্বালানি বিক্রি বন্ধ রয়েছে। তেল ও গ্যাস না পেয়ে অনেক চালককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে।
ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক মাহমুদ হোসেন বলেন, সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরলাম, কোথাও তেল পেলাম না। ধর্মঘট স্থগিত হয়েছে শুনেছিলাম, কিন্তু বাস্তবে তো কিছুই চালু হয়নি। জরুরি কাজে বের হয়েও বিপাকে পড়েছি।
আরেক সিএনজি চালক রানা মিয়া বলেন, গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? সকাল থেকে বসে আছি। ইনকাম বন্ধ হয়ে গেছে। আগে যদি জানতাম, তাহলে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।
এর আগে বুধবার রাতে হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকরা। তবে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এদিকে ধর্মঘট স্থগিত হলেও কেন পাম্প চালু হয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মালিক সমিতির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে কি না।
অন্যদিকে ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার ঘন ঘন তদারকি, পুলিশ মোতায়েন এবং একাধিক পাম্পে জরিমানা আদায় করা হয়েছে, যা তারা হয়রানি হিসেবে দেখছেন।