দেওয়ান সবুজ, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:২৭:০৬
ঈশ্বরদীতে শিশু অপহরণের চেষ্টাকালে যুবক আটক
পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়গামী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু সিনথিয়া (৯) মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা এলাকার আফজাল হোসেনের মেয়ে এবং স্থানীয় দুবলাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত মো. আলামিন (৩৪) নাটোর জেলার লালপুর থানার সাদিপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।
ভুক্তভোগী সিনথিয়া জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের অদূরে এক ব্যক্তি তাকে আটকায় এবং আদর করে মাঠের দিকে যেতে বলে। এতে সন্দেহ হলে সে দৌড়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষিকাকে বিষয়টি জানায়। পরে শিক্ষিকা তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তকে উল্টো দিকে চলে যেতে দেখা যায়। এ সময় সিনথিয়ার এক চাচাতো ভাই ঘটনাস্থলে এসে বিষয়টি শুনে ওই ব্যক্তিকে ধাওয়া করে। সিনথিয়ার অভিযোগ, এর আগেও ওই ব্যক্তি দুইবার তাকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
সিনথিয়ার দাদা বাদশা অভিযোগ করে বলেন, তার নাতনিকে অপহরণের চেষ্টা করা হয়েছে এবং অভিযুক্তকে এলাকাবাসী ধাওয়া দিয়ে আটক করেছে।
স্থানীয় যুবক যুব্বার, শিপন ও শাকিল জানান, শিশুটির অভিযোগ শুনে তারা অভিযুক্তকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পালানোর সময় বাঘহাছলা থেকে অরণকোলা হয়ে ঢুলটি এলাকায় পৌঁছালে তাকে আটক করা হয়। পরে ঢুলটি তেল পাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, আলামিন নামে এক যুবককে আটকের বিষয়টি তারা জেনেছেন। তবে এটি অপহরণের চেষ্টা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির অভিভাবকদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।