নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৮:০৬
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১২ সেপ্টেম্বর) টাঙ্গাইলে জেলা প্রশাসন আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরবাড়ি ও আশপাশে জমে থাকা পানি থেকেই এডিস মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার ঘটে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন সবাই মিলে আমরা এই দেশকে গড়ে তুলি। প্রত্যেককে যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, শুধু নিজেরা সচেতন হলেই হবে না, আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। ঘরবাড়ি ও এর আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে অন্যদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত করতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে সচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ দায়িত্ব পালন করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।