মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ রাত ১০:০৮:৩৫
নরসিংদীতে ঈদ-ই-মিল্লাদুন্নবী (সা.) উপলক্ষে এনএসপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সা.) পালন উপলক্ষে নরসিংদী সংবাদপত্র পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনএসপি’র সভাপতি মো: হারুন-অর-রশিদ।
এনএসপি’র সাধারণ সম্পাদক এম.এ আউয়াল এর সঞ্চালনায় হযরত মোহাম্মদ (সা.) এর জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন, এনএসপি’র উপদেষ্টা মো: জসিম উদ্দিন, মো: হুমায়ুন কবির শাহ, সহ সভাপতি একে ফজলুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মো: হোসেন আলী, মো: জাকির হোসেন মাস্টার, মো: হামিদুল হক আহাদ, মো: আমজাদ হোসেন, এটিএম মোস্তফা বাবর, সালমা সুলতানা ও খান মোহাম্মদ শিবলী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.) এর আদর্শ ধারণ, অনুসরণ ও অনুকরণ করা প্রয়োজন। তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং আমাদের ধর্ম পালন শিখিয়েছেন। মহানবী (সা.) কখনও মিথ্যা কথা বলেননি এবং ন্যায়ের পক্ষে লড়াই করেছেন। মহানবী (সা.) এর আদর্শ ধারণ করতে পারলে সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আমাদের কাজ হলো মহানবীর (সা.) জীবন আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া।
সভায় নরসিংদী সংবাদপত্র পরিষদের সদস্য এবিএম আজরাফ টিপুর মাতার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।