শামীম আহমেদ মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৩৪
চাঁদপুরে আগুনে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, দুটি গাভিন গরুর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে লাগা আগুনে কৃষক হযরত আলী শিকদারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু আগুনে পুড়ে মারা যায়। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও পুড়ে গেছে। পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে হঠাৎ হযরত আলী শিকদারের দোচালা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়ালঘরে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘর ও গোয়ালঘরসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারায় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু।
আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে অংশ নেওয়া জুয়েল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তার একটি দোচালা বসতঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সব পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরুও রক্ষা করতে পারেননি। এখন পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।