কসবা আখাউরা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:২৭:২৪
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, দুই লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুরের মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করার পাশাপাশি প্রায় এক হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে দুইজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাসুদ (৩৫), পিতা চান মিয়া, ঠিকানা তারাকান্দা, ময়মনসিংহ এবং তালেমান (২৩), পিতা মুরাদুজ্জামান, ঠিকানা দেওয়ানগঞ্জ, জামালপুর—দুজনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় দুটি স্পটে দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং আনুমানিক এক হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ ও অবৈধভাবে মাটি-বালু উত্তোলন বন্ধে কসবা উপজেলায় এ ধরনের ড্রেজিংবিরোধী অভিযান অব্যাহত থাকবে।