মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২২:৩২
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দু'জনের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তরে পৃথক ঘটনায় এক ব্যক্তি ক্যারি ট্যাবলেট খেয়ে এবং গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে ক্যারি ট্যাবলেট খেয়ে দীপক মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন মন্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে পুলিশ জানায়, দীপক মন্ডল পারিবারিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বোঝা সামলাতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে তিনি কীটনাশক জাতীয় ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তারা।
অন্যদিকে, ৬ (সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত ফাহিমা আক্তার ওই গ্রামের সায়েদ আলী কারির মেয়ে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, ফাহিমা মোবাইলে টিকটক করত। তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য সে বাবা-মায়ের কাছে আবদার করে। পরিবারের পক্ষ থেকে পরে মোবাইল কিনে দেওয়ার কথা বলা হলেও বিলম্ব হওয়ায় হতাশগ্রস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানিয়েছেন তারা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে এসব ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে দু’জনই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।