রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩৬:০৬
বগুড়ায় ৪ কেজি গাঁজা ও ২৯.৮ লিটার মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ায় ৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ২.৮ লিটার বাংলা মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানার চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শাজাহানপুর উপজেলার চকজোড়া দক্ষিণপাড়ার গোলাম রব্বানী (৩২), গাবতলী উপজেলার সন্ধাবাড়ী এলাকার খোরশেদ (৪৫) এবং বগুড়া সদর উপজেলার সিলিমপুর এলাকার সোহাগ (৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন সেখানে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকসহ একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, ছয়টি সিম কার্ড ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
পরে জব্দ করা মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।