বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ; পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ, তদন্ত চলছে
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৩:৫১
বগুড়ায় এসআইয়ের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ লাইনে প্রত্যাহার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, সোমবার রাতে এসআই আনছার আলী কর্মস্থল ছেড়ে পুলিশ লাইনে যোগ দিয়েছেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর ভুক্তভোগী তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে তাঁর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি অভিযোগ তদন্ত করতে তাঁর বাড়িতে যান এসআই আনছার আলী। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তরুণী।
তরুণীর অভিযোগ, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ৮ অক্টোবর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।