দেওয়ান সবুজ, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৮:০৩
মুসলিম থেকে হিন্দুধর্ম গ্রহণ করে হিন্দু মেয়েকে বিয়ে—পুত্রকে ত্যাজ্য ঘোষণা পিতার
পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ এবং হিন্দু এক তরুণীকে বিয়ে করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন তার পিতা মো. আজগর আলী সরদার।
রোববার (৫ এপ্রিল) পাবনা জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
জানা যায়, সজল আলী সরদার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের বাসিন্দা এবং তিনি মো. আজগর আলী সরদারের একমাত্র সন্তান। হলফনামা অনুযায়ী, সজল আলী গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে সজল সরকার রাখেন। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি কুমারী আরতি রাণী (পিতা: শ্রী সরগেন মণ্ডল, মাতা: শ্রীমতি শেফালী মণ্ডল, সাং- গোলচত্তর, সাহাপুর, ঈশ্বরদী)–কে বিবাহ করেন।
হলফনামায় মো. আজগর আলী সরদার উল্লেখ করেন, তার পুত্র ধর্ম পরিবর্তন করায় তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তাকে তার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। তার মৃত্যুর পরও সজল আলী তার কোনো সম্পত্তির অংশীদার হতে পারবে না বলেও হলফনামায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।