শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি:
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:২১:৪০
মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর তার দৃষ্টিগোচর হয়েছে। তবে বাস্তবে এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হয়নি এবং নতুন কোনো কমিটিও গঠন করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসক্লাবের নামে যে কমিটি গঠনের খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এ ধরনের অসত্য তথ্য প্রকাশ বা প্রচার থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রেসক্লাব সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ভুয়া তথ্য প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।