মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ রাত ১০:১৪:২৪
ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন বাবুল মিয়া, জাহিদুল ইসলাম বাবু, রাসেদা বেগম, চায়ের দোকানি খলিল ও শরীফ প্রমুখ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ রয়েছে।
শনিবার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বালিথা বাজার এলাকায় তা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুসহ কয়েকজনকে মারধর করা হয়। পরে পাল্টা হামলায় সূতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ আহত হয়।
ঘটনার পর বালিথা বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “সূতিপাড়া ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”