কালকিনি মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২১:৪৭
কালকিনিতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
মাদারীপুরের কালকিনি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ মাসুম পাইক (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত মাসুম পাইক উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের মোসলেম পাইকের ছেলে।
ভোক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে মাসুম পাইক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। জানতে পেরেছি যে মাসুম নামে একজনের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকার এবং জ্বর অনুভূত হলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।