শামীম আহমেদ জয়, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৬:১১
মতলব উত্তর প্রেসক্লাবে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম। সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। শুরুতে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি উন্নত ও সচেতন সমাজ গঠনে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং সত্য প্রকাশে কোনো ধরনের আপস করা যাবে না।
বক্তারা মতলব উত্তর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদক প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন রাফেদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, কার্যকরী সদস্য নাছির উদ্দীন ও জাকির হোসেন রিপন, সদস্য মেহেদী হাসান ও শামীম আহমেদ জয়সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে পুনরায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।