রুহুল আমিন কিবরিয়া,বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৯:৪৪
বগুড়ায় বস্তায় ভরে রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ৪
বগুড়ায় বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। ভোটকেন্দ্র থেকে অপহরণের পর নির্মম নির্যাতনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি আলাল শেখ। তিনি বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) শহরের শাহ ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালে তাকে অপহরণ করা হয়। আলাল শেখ ওই সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন এবং এবারের নির্বাচনেও একই পদে প্রার্থী হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নির্বাচন চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে একদল যুবক তাকে বাজারের ভেতর থেকে টেনে-হিঁচড়ে বের করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়।
স্বজনদের অভিযোগ, সেখানে হাত-পা বেঁধে বস্তায় ভরে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়। পরে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
নিহতের পরিবারের দাবি, শহর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে এই ঘটনা ঘটে। রাজনৈতিক পূর্বশত্রুতা ও বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়াই হত্যার কারণ বলে তারা অভিযোগ করেন।
ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় আলাল শেখকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
পরদিন বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন নিহতের বাবা সিদ্দিকুর রহমান মেরু শেখ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, হত্যাচেষ্টা মামলাটি বিধি মোতাবেক হত্যা মামলায় রূপান্তর করা হবে।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। প্রধান আসামি শফিকুল ইসলামসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।