নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:০২
উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচেই এক অসম লড়াইয়ে নামতে হচ্ছে টাইগ্রেসদের। প্রতিপক্ষ উত্তর কোরিয়া। সেই ম্যাচের শুরুর একাদশেও বড় চমক রেখেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় চীনের নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত একাদশ থেকে পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন বাটলার।
বাটলারের শুরুর একাদশের সবচেয়ে বড় চমক বাংলাদেশ নারী দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমার একাদশে না থাকা। বাংলাদেশের ফরোয়ার্ড লাইনের ভরসার নাম ঋতুপর্ণা। তবে কোনো তাকে একাদশে রাখা হয়নি সেটি জানানো হয়নি বাফুফের পক্ষ থেকে।
অন্যদিকে, সর্বশেষ প্রতিযোগীতামূলক ম্যাচে একাদশ থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক আফঈদা খন্দকারকে আবারও শুরুর একাদশে ফিরিয়েছেন বাটলার। এ ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি গোলরক্ষক রূপনা চাকমার।
এ ম্যাচে অনেকটা রক্ষণাত্মক কৌশল নিয়ে একাদশ সাজিয়েছেন বাটলার। বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে আক্রমণভাগ মাঝ মাঠের নিয়মিত ফুটবলারদের। ঋতুপর্ণা ছাড়াও নেই ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র এবং মিডফিল্ডার মনিকা চাকমা।
তবে সবচেয়ে বড় চমকটা বোধহয় আইরিন খাতুনের একাদশে সুযোগ পাওয়া। মাত্র ১৪ বছর বয়সেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
একাদশে এমন পরিবর্তনের আভাস অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন বাটলার। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাটলার বলেছিলেন, ‘ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আমি বেশ কিছু তরুণ মেয়েক সুযোগ দেব। আমাদের মূল উদ্দেশ্য হলো এই বড় মঞ্চের সুযোগগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করা, শেখা এবং নিজেদের ফুটবলের উন্নয়ন ঘটানো।’
মারিয়া মান্দা (অধিনায়ক), মিলি আক্তার, আফঈদা খন্দকার, আইরিন খাতুন, সুরভি আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, কোহাতি কিসকু, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, মোসাম্মাৎ সুলতানা।