নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৪:১১
আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: ড. মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল। বিশ্বজুড়ে আবহাওয়া, পরিবেশ, ঋতু, মানুষের আচার আচরণ এবং কৃষ্টি কালচার সবই বদল হচ্ছে। কিন্তু আ'লীগের চারিত্রিক বৈশিষ্ট্যের কোন পরিবর্তন নেই। তাদের চরিত্র কখনও ভালো হবে না। তিনি বলেন, বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে নিমজ্জিত আ'লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এখন জনগণের মধ্যে জোর দাবি উঠেছে।
রোববার (২২ নভেম্বর) নিষিদ্ধ আ'লীগের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি আয়োজিত মেঘনা উপজেলা বাস স্টেশন চত্বরে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ এইসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আ'লীগ সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই থাকুক, দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করে না। গায়ের জোরে ক্ষমতায় থেকে এই ফ্যাসিবাদ দল গত ১৭ বছর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং দুঃশাসন চালিয়ে দেশ ধ্বংস করেছে। আ'লীগ বিরোধী দলে থাকলে আন্দোলনের নামে দেশের সম্পত্তি ধ্বংস করে এবং অরাজকতা সৃষ্টির মাধ্যমে জনজীবন দুঃসহ করে তোলে। ‘এই সন্ত্রাসী গোষ্ঠী যেখানে নাশকতার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ’ গড়ে তুলতে বিএনপি নেতাকর্মীদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
ড. মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সরকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে। দেশের জনগণ নিশ্চিদ্র নিরাপদ জীবন যাপন করছে।
তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তাদের 'পলাতক নেত্রীর ফিরে আসার দিবাস্বপ্ন' ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে। জাতীয় স্বার্থবিরোধী এইসব কর্মকাণ্ড কিছুতেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক অনন্য শক্তি। দেশের মানুষ মনে করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সক্ষম হবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর থেকে ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মেঘনা উপজেলা বাস স্টেশনে পৌঁছে এবং সেখান থেকে তার নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল থানার সামনে গিয়ে শেষ হয়। শত শত মোটর সাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ শোভাযাত্রার অগ্রভাগে খোলা জীপে দাঁড়িয়ে ড. খন্দকার মারুফ হোসেন নেতৃত্ব দেন। সড়কের দুইপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক হাজারো জনতাকে তিনি হাত নেড়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্বাসউদ্দীন কমান্ডার। উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস.এম সালাহউদ্দিন সরকার, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, শহীদউল্লাহ সরকার, অধ্যাপক শহীদুল ইসলাম, আবদুল মতিন,আবদুল গাফফার,জয়নাল আবেদীন, এম.এ কাইয়ুম, আবু ইউসুব নয়ন,জহিরুল ইসলাম,দিলারা শিরীন,আতাউর রহমান,সোলাইমান হোসেন ও জাকির মাহমুদ প্রমুখ।