নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৪:৪৩
বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
সারাবিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। সব জায়গায় এখন ফুটবলের আলোচনা। বিশ্বকাপে কে কোন দলের সমর্থক তা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নাই। এরমধ্যে জানা গেলো প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। এসময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।
জুলুম-নির্যাতনের শিকার হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে পরিবারসহ যুক্তরাজ্যে নির্বাসনে যান তারেক রহমান। এরপর বিগত আওয়ামী লীগের আমলে দেশে ফিরতে পারেননি। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
অতএব প্রধানমন্ত্রী যে বিশ্বকাপে ইংল্যান্ডের সাপোর্টার তা বুঝতে অসুবিধা হবার কথা না।