নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ০৬:০৩:৫৪
২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোরে যাবেন। সোমবার (৬ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গতকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী তার স্ট্যাটাসে জানান, সুসংবাদ! প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন (সম্ভাব্য তারিখ ২৭ এপ্রিল)। তিনি লিখেন, ত্রয়োদশ নির্বাচনের পর এটিই হবে তার প্রথম যশোর সফর।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।