নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৯:৩০
ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
হাসপাতালে চোখের ডাক্তার দেখাতে রিকশায় করে যাচ্ছিলেন রনজিনা পারভীন। এ সময় হঠাৎ পেছন থেকে মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে রনজিনা পারভীনের মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর ফার্মগেটে অবস্থিত ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে আসেন রনজিনা পারভীন। বগুড়া থেকে এসে ভোরে তিনি গাবতলী বাস টার্মিনাল নামেন। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছালে রিকশার পেছন থেকে মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনজিনা পারভীনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।