নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ রাত ১০:৩৭:২৩
ডিএমপিতে বড় রদবদল, ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে পাঁচ এডিসিকে বদলির বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে গোয়েন্দা-মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে বদলি করা হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের। অন্যদিকে, এতদিন ক্যান্টনমেন্ট জোনের দায়িত্বে থাকা এডিসি মোহাম্মদ আবির হাসানকে কমিশনার দপ্তরে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ‘স্টাফ অফিসার টু কমিশনার’ হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা-রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।