নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ রাত ১০:৫৪:১৩
সরকারের বড় পদক্ষেপ, ১০ সচিবকে বদলি
বাণিজ্য, নৌপরিবহণ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি করেছে সরকার। আজ রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক ১০টি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে।
তাছাড়া জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়।