নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৮:৩৬
চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ছয়টা ইউনিট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া আরও চারটা ইউনিট ঘটনাস্থলে রয়েছে সহযোগিতা করার জন্য।
এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে কি না এমন প্রশ্ন করলে আনোয়ারুল ইসলাম বলেন, আগুন একটি ভবনেই রয়েছে। ছড়িয়ে পরেনি। প্রচণ্ড ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি বলে জানান আনোয়ারুল ইসলাম।