নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:০৩:৪০
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেফতারকরা হয়।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
শাহরিয়ার এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার ১ নম্বর আসামি।
এছাড়া ওই ঘটনায় আরও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ওই রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির।
ভিডিও প্রকাশের পর দেওয়া বক্তব্যে তিনি ঘটনার বিষয়ে বিভিন্ন অভিযোগ তোলেন এবং চাঁদাবাজির অভিযোগ করেন। তার অভিযোগ ও স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এদিকে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে ২০০ থেকে ২৫০ জন মুখোশধারী ব্যক্তি মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে অতর্কিত হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।