সীমা প্রধান
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৫:২৬
দুই বছরে বদলে যাওয়া কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, পরিবর্তনের ছাপ রেখে বিদায় তত্ত্বাবধায়ক
রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছরের কর্মযাত্রায় হাসপাতালটির বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগ নেন ডা. মোহাম্মিজানুর রহমান। অবকাঠামোগত উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানে নেওয়া উদ্যোগের মধ্যেই শেষ হচ্ছে তার দায়িত্বকাল। তার বিদায়ের খবরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে আবেগঘন পরিবেশ।
হাসপাতাল সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের দেয়ালে নতুন করে রং করা, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে টয়লেট ও বাথরুম জরুরিভিত্তিতে মেরামত এবং মূল প্রবেশপথের সামনে দৃষ্টিনন্দন বাগান তৈরির কাজ শুরু হয়।
গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন ও দিকনির্দেশনার পর এসব উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসে বলে সংশ্লিষ্টরা জানান। হাসপাতালের পরিবেশকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব করার পাশাপাশি সেবার ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার চেষ্টা করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ অক্টোবরের এক প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ মিজানুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। তবে তার দায়িত্বকালে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও হাসপাতালের দৃশ্যমান পরিবর্তনের কথা স্মরণ করে সহকর্মীরা বলছেন, তার চলে যাওয়া হাসপাতালের জন্য একটি আবেগের বিষয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার দায়িত্বকালে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হলে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রোগী ও স্বজনদের ভোগান্তি আরও কমবে এবং চিকিৎসাসেবার পরিবেশ আরও উন্নত হবে।