শামীম হোসেন, সিটি রিপোর্টার
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ রাত ০৬:৩৬:০২
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা করল বিআরটিএ
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রেনিং সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার চালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২, ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সিআইপিআরবি।
স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে পেশাদার মোটরযান চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি শারীরিক সক্ষমতা বজায় রাখা, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে চালকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, একজন চালকের শারীরিক সুস্থতা ও মানসিক সচেতনতা সড়ক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অসুস্থতা কিংবা শারীরিক সমস্যার কারণে চালকের স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই পেশাদার চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকসহ সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান আয়োজকরা।