নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৭:২১
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ উপকূল অতিক্রম করেছে
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়টি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় এখনও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরসমূহ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরিস্থিতির বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর পুনঃ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর আরও নিশ্চিত করেছে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সম্পর্কিত এই সিরিজের আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করা হবে না।