মো. আরিফ হোসেন চৌধুরী
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:২৪
বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের কেপিআইভুক্ত এলাকায় অভিজাত সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫৫ মিনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর ও আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। সেন্টার পয়েন্ট শপিং মলে থাকা ব্যবসায়ী, কর্মচারী ও দর্শনার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। একই সঙ্গে ঘটনাস্থল ঘিরে মানুষের ভিড় এবং জরুরি সেবার যানবাহনের চলাচলের কারণে বিমানবন্দর এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের গুরুত্বপূর্ণ ও কেপিআইভুক্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো তথ্যও প্রাথমিকভাবে পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণ এবং ঘটনাস্থল পরিদর্শনের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।