শাফি উদ্দিন আহমদ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ দুপুর ১২:১৬:০৫
মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে পাচারের শিকার হচ্ছে মানুষ : জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মানব পাচারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রূপ হচ্ছে বাধ্যতামূলক অনলাইন প্রতারণা। পুরো বিশ্বে মানুষ আজ সম্মানজনক কাজের মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হচ্ছে এবং পরবর্তীতে তারা অপরাধী চক্রের জালে বন্দি হয়ে অন্যদের সাথেও প্রতারণা করতে বাধ্য হচ্ছে।
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মহাসচিব বলেন, অপরাধী চক্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে প্রতারণা করছে এবং অবৈধ পন্থায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক পদক্ষেপ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অপরাধী নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করতে এবং অপরাধীদের অর্থায়ন বন্ধ করতে গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং আর্থিক নিয়ন্ত্রকদের একত্রিত করবে। ২০২৪ সালে, সদস্য রাষ্ট্রগুলো 'সাইবার অপরাধের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন' গ্রহণ করেছে, যা আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করার জন্য একটি ঐতিহাসিক চুক্তি।
বিশ্বের সকল রাষ্ট্রকে এই কনভেনশনটি অনুস্বাক্ষর করা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং দুর্নীতি প্রতিরোধে সাইবার প্লাটফর্মের অপব্যবহার বন্ধের আহবান জানিয়ে তিনি আরো বলেন, স্ক্যাম সেন্টারগুলোর হাত থেকে বেঁচে ফেরাদের ঘুরে দাঁড়াতে এবং নতুন করে জীবন পুনর্গঠনে সহায়তা করতে হবে। মানব পাচার মানবাধিকারের চরম লঙ্ঘন। পুরো বিশ্ব একসাথে কাজ করার মাধ্যমে চিরতরে এই অপরাধের অবসান ঘটানো সম্ভব।