নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ সকাল ১১:২৯:১৩
ভারতের জোজিলা পাসে ভয়াবহ তুষারধসে নিহত ৭
ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখকে সংযোগকারী জোজিলা পাসে ভয়াবহ তুষারধসে সাতজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) শ্রীনগর-লেহ হাইওয়ে এনএইচ-১ এ দুর্ঘটনাটি ঘটে।
তুষারধস জোজিলা পাসের লাদাখ অংশে আঘাত হানে, এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে যায়। খবর এনডিটিভির।
ঘটনার পর মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বরফ সরানো এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন বড় পরিসরে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারগিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি সংস্থা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ মহাসড়কটি এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। ১১ হাজার ৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস অতিক্রম করা এই সড়কটি একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে তেমনই বিপজ্জনক। ভারি তুষারপাত ও কঠিন ভূপ্রকৃতির কারণে শীতকালে প্রায়ই এই সড়কের ওই অংশ বন্ধ থাকে। এই সমস্যার স্থায়ী সমাধানে জোজিলা পাসের নিচ দিয়ে একটি বড় টানেল নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে এটি লাদাখের সঙ্গে সারা বছরের জন্য নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে।