নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ রাত ০৬:০৮:১০
নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নিহতরা হলো আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু তাদের মায়ের সঙ্গে দুই দিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালেও তারা মায়ের সঙ্গে খেলাধুলা করছিল। বড় ভাই আব্দুর রহমান বাড়ির টিউবওয়েল থেকে পানি তুলে মাকে কাজে সহায়তাও করেছিল।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই একটি পুরোনো খাল কয়েকদিন আগে সরকারি উদ্যোগে পুনঃখনন করা হয়। খালটি অনেক গভীর ছিল। আগের দিন ওই খালে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে দুই শিশুর পানিতে নামার আগ্রহ তৈরি হয়। বুধবার দুপুরে মাকে ফাঁকি দিয়ে তারা খালের পাশে যায়। পরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনে সরকারি খনন করা খালে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে একজন শিশু অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।