রুহুল আমিন কিবরিয়া , বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:২১:২২
ভোরের সড়কে ট্রাকের তাণ্ডব: ধুনটে মোটরসাইকেল আরোহী নিহত, কিশোরের জীবন-মৃত্যুর লড়াই
বগুড়ার ধুনটে ভোরের নির্জন সড়কে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক কিশোর, যিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২৯ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার বুথবাড়ি গ্রামের ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল (২৫) ও আহত রাব্বি (১৪) সম্পর্কে আপন ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের বাবা মৃত বাবু। বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা মুন্সিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল শ্বশুরবাড়ি ধুনট উপজেলার রাঙ্গামাটি এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বুথবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন রাব্বি।
স্থানীয়রা দ্রুত রাব্বিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয় এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।