আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ রাত ০৭:৩৪:৩৮
কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় অভিযুক্ত লিটন আটক
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান লিটন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ৩টার দিকে নিকলী নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৩ মে) বিকেলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জাহিদ হাসান লিটন সদর ইউনিয়নের কামারহাটি এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিকলী উপজেলা বিএনপির সক্রিয় কর্মী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদারের ফুফাতো ভাইয়ের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর স্বামী কাজের কারণে বাড়ির বাইরে থাকেন। সংসারের অভাবের কারণে ওই নারী বিভিন্ন ছোটখাটো কাজের সন্ধান করতেন। এ সুযোগে লিটন তাকে কাজের আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১২ মে উপজেলার কারপাশা ইউনিয়নে আসামির ফুফাতো বোনের বাড়ির একটি বসতঘরে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী নিকলী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সেটিকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, অভিযুক্তকে গ্রেপ্তারের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, জাহিদ হাসান লিটন উপজেলা বা ওয়ার্ড কমিটির কোনো সদস্য নয়। তবে কর্মী হিসেবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলো। গ্রেপ্তারের সময় হেলিম তালুকদার উপস্থিত ছিলেন বলে একটি ভিডিও আমিও দেখেছি। এর বেশি কিছু জানা নেই।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করলে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়। পরে অভিযুক্ত জাহিদ হাসান লিটনকে রাতেই গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”